← পোস্টে ফিরে যান
কার ইন্সুরেন্সের নতুন নিয়ম  পহেলা জুলাই থেকে : কী বদলাচ্ছে, আপনার পরিবারের জন্য কী জানা জরুরি?
General June 25, 2026

কার ইন্সুরেন্সের নতুন নিয়ম পহেলা জুলাই থেকে : কী বদলাচ্ছে, আপনার পরিবারের জন্য কী জানা জরুরি?


কানাডায় আমাদের জীবনের অনুষঙ্গ হলো গাড়ী। আর গাড়ীর জন্য ইন্সুরেন্স বাধ্যতামূলক। প্রতিটি গাড়ী চালকের ইন্সুরেন্সের প্রয়োজন। অটো ইন্সুরেন্সের ক্ষেত্রে খুবই গূরুত্বপূর্ণ পরিবর্তন আসছে অন্টারিওতে।


কী পরিবর্তন হচ্ছে?


আগামী ১ জুলাই, ২০২৬ থেকে, অন্টারিওর ১২টি বাধ্যতামূলক অ্যাক্সিডেন্ট বেনিফিটের মধ্যে ৯টি এখন থেকে ঐচ্ছিক (optional) হয়ে যাচ্ছে। মানে হলো, ইনস্যুরেন্স পলিসিতে এই সুবিধাগুলো আর আগের মতো অটোমেটিক থাকবে না — এখন আপনাকে নিজে চেয়ে নিতে হবে।


যেগুলো বাধ্যতামূলক থাকছে (Mandatory Coverage):


  1. মেডিকেল বেনিফিট
  2. রিহ্যাবিলিটেশন বেনিফিট
  3. অ্যাটেনডেন্ট কেয়ার বেনিফিট


যেগুলো ঐচ্ছিক হয়ে যাচ্ছে (Optional Now):


ইনকাম রিপ্লেসমেন্ট বেনিফিট, নন-আর্নার বেনিফিট, কেয়ারগিভার বেনিফিট, হাউসকিপিং বেনিফিট, ভিজিটর এক্সপেন্স বেনিফিট, শিক্ষাজনিত ক্ষতির বেনিফিট, ব্যক্তিগত সম্পত্তির ক্ষতির বেনিফিট, এবং মৃত্যু ও অন্ত্যেষ্টিক্রিয়ার খরচের বেনিফিট।


আমার বর্তমান পলিসির কী হবে?


ভালো খবর হলো — আপনার পলিসি অটোমেটিক্যালি রিনিউ হবে আপনার বর্তমান কভারেজ এবং লিমিট নিয়েই। অর্থাৎ, আপনি যদি কিছু না করেন, তাহলে আপনার এখনকার সুরক্ষা বহাল থাকবে। কিন্তু যদি আপনি কোনো বেনিফিট পরিবর্তন বা বাদ দিতে চান, তাহলে তা লিখিতভাবে ইনস্যুরেন্স কোম্পানিকে জানাতে হবে।


নতুন পলিসি কিনলে কী হবে?


১ জুলাইয়ের পর নতুন পলিসি কিনলে শুধু বাধ্যতামূলক ন্যূনতম কভারেজ পাবেন, যদি না আপনি নিজে অতিরিক্ত ঐচ্ছিক বেনিফিট যুক্ত করেন।

কাদের জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ?


অনেকের জন্যই এই পরিবর্তনগুলো বিশেষভাবে প্রযোজ্য:


একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যদি আপনি হন — দুর্ঘটনার পর ইনকাম রিপ্লেসমেন্ট বেনিফিট না থাকলে পরিবারের আর্থিক সংকট দেখা দিতে পারে

গৃহিণী, ছাত্র, অথবা অবসরপ্রাপ্ত ব্যক্তি যাদের নিয়মিত আয় নেই — নন-আর্নার বেনিফিট ছাড়া আপনি দুর্ঘটনার পর কোনো আর্থিক সহায়তা পাবেন না

যারা বাবা-মা বা সন্তানের যত্ন নেন — কেয়ারগিভার বেনিফিট না থাকলে বিকল্প যত্নের খরচ নিজের পকেট থেকে দিতে হবে

পথচারী ও সাইক্লিস্ট — এখন থেকে ঐচ্ছিক বেনিফিট কেবলমাত্র পলিসিতে উল্লেখিত ব্যক্তিদের জন্য প্রযোজ্য হবে, ফলে কিছু পথচারী এবং সাইক্লিস্ট আগে যেমন কভারেজ পেতেন তেমন আর পাবেন না।


আপনার এখন কী করা উচিত?


১. আপনার বর্তমান পলিসি রিভিউ করুন — কোন বেনিফিটগুলো আপনার আছে তা জেনে নিন।


২. আপনার ব্রোকার বা ইনস্যুরেন্স এজেন্টের সাথে কথা বলুন — নিজের আর্থিক পরিস্থিতি অনুযায়ী কোন ঐচ্ছিক বেনিফিট রাখা উচিত তা জিজ্ঞাসা করুন।।


৩. কর্মস্থলের স্বাস্থ্য বীমা যাচাই করুন — যদি আপনার অফিসের বেনিফিটে ইনকাম রিপ্লেসমেন্ট বা মেডিকেল কভারেজ থাকে, তাহলে গাড়ি বীমায় ডুপ্লিকেট কভারেজ লাগবে কিনা ভেবে দেখুন।


৪. সস্তা পলিসির লোভে পড়বেন না — ঐচ্ছিক বেনিফিট বাদ দিয়ে সামান্য কিছু টাকা বাঁচানো যেতে পারে, কিন্তু গুরুতর দুর্ঘটনার পর আর্থিক ক্ষতির ঝুঁকি তার তুলনায় অনেক বেশি।


সংক্ষেপে যা মনে রাখবেন:


  1. আপনার বর্তমান পলিসি নিজে থেকে বদলাবে না, যদি না আপনি লিখিতভাবে পরিবর্তন চান
  2. নতুন পলিসি কিনলে শুধু ন্যূনতম কভারেজ থাকবে — বাকিটা নিজে যুক্ত করতে হবে
  3. পরিবারের প্রধান উপার্জনকারী, গৃহিণী, ছাত্র এবং কেয়ারগিভারদের জন্য এই পরিবর্তন সবচেয়ে গুরুত্বপূর্ণ
  4. রিনিউ করার আগে আপনার ব্রোকারের সাথে অবশ্যই বিস্তারিত আলোচনা করুন


আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে আজই আপনার ইনস্যুরেন্স ব্রোকারের সাথে যোগাযোগ করুন।

Share this post